SANGRAMI KAVI
পাত্রপূট -১২
মৃত্যুর গ্রন্থি থেকে ছিনিয়ে ছিনিয়ে
যে উদ্ধার করে জীবনকে
সেই রুদ্র মানবের আত্মপরিচয়ে বঞ্চিত
ক্ষীণ পাণ্ডর আমি
অপরিস্ফুটতার অসম্মান নিয়ে যাচ্ছি চলে।
দুর্গম ভীষণের ওপারে
অন্ধকারে অপেক্ষা করছে জ্ঞানের বরদাত্রী ;
মানবের অভ্রভেদী বন্ধনশালা
তুলেছে কালো পাথরে গাঁথা উদ্ধত চূড়া
সূর্যোদয়ের পথে ;
বহু শতাব্দীর ব্যথিত ক্ষত মুষ্টি
রক্তলাঞ্ছিত বিদ্রোহের ছাপ
লেপে দিয়ে যায় তার দ্বার ফলকে ;
ইতিহাস বিধাতার শ্রেষ্ঠ সম্পদ
দিত্যের লৌহাদুর্গে প্রচ্ছন্ন ;
আকাশে দেবসেনাপতি কন্ঠে শোনা যায় -
' এস মৃত্যুঞ্জয়ী। '
বাজালো ভেরি ,
তাবু জাগলো না রণদুর্মদ
এই নিরাপদ নিশ্চেষ্ট জীবনে ;
ব্যূহ ভেদ করে
স্থান নেই নি যুধ্যমান দেবলোকের সংগ্রামসহকারিতায়।
কেবল স্বপ্নে শুনেছি দামরুর গুরু গুরু ,
কেবল সমরযাত্রীর পদপাতকম্পন
মিলেছে হৃদ্স্পন্দনে বাহিরের পথ থেকে।
যুগে যুগে যে মানুষের সৃষ্টি প্রলয়ের ক্ষেত্রে,
সেই শ্মশানচারী ভৈরবের পরিচয়জ্যোতি
ম্লান হয়ে রইলো আমার সত্তায় ;
শুধু রেখে গেলেম নতমস্তকের প্রণাম
মানবের হৃদয়াসীন সেই বীরের উদ্দেশে -
মর্তের অমরাবতী যাঁর সৃষ্টি -
মৃত্যুর মূল্যে , দুঃখের দীপ্তিতে।
.....................
১ লা বৈশাখ ,১৩৪৩
Comments
Post a Comment